দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয়বার মা হওয়ার পর দুই মেয়েকে নিয়ে ব্যস্ত সময় কাটছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। নতুন মাতৃত্বের নানা অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তিনি। সম্প্রতি মাঝরাতে নিজের বাড়িতে বুকের দুধ সংগ্রহের যন্ত্রের শব্দকে ভূতের বাড়ির শব্দের সঙ্গে তুলনা করে মজার একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করা ভিডিওতে বুকের দুধ সংগ্রহের যন্ত্রের শব্দ শোনা যায়। সেই শব্দকে ভূতের বাড়ির পরিবেশের সঙ্গে তুলনা করে দীপিকা ক্যাপশনে লেখেন, দেখতে ভূতের বাড়ির মতো মনে হলেও এটি আসলে মাঝরাতে বুকের দুধ সংগ্রহের যন্ত্রের শব্দ।
ভিডিওতে সাদা পোশাক পরা এক নারীকে দেখা যায়। তার মুখ ঢাকা, চোখে কালো চশমা। কোলে রাখা যন্ত্রটি থেকে শব্দ আসছে। নতুন মায়েদের কাছে পরিচিত এই অভিজ্ঞতা নিয়ে দীপিকার মজার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।
শুধু তা-ই নয়, শিশুটি ঘুমিয়ে পড়লে নিজের কোন কাজটি আগে করা উচিত, তা নিয়েও আরেকটি মজার ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। খাওয়া, গোসল, ঘুম নাকি ব্যায়াম, কোনটি করবেন, সেই দ্বিধার কথা তুলে ধরেছেন তিনি।
ভিডিওতে এক নারীকে একই সময়ে একাধিক কাজ করার চেষ্টা করতে দেখা যায়। গোসলের সময় তার এক হাতে কলা ও পানির বোতল, অন্য হাতে ব্যায়ামের ভার। চুলে আটকে আছে চিরুনি। এমনকি গোসল করতে করতেই ঘুমিয়ে পড়ার দৃশ্যও দেখানো হয়েছে। হাস্যরসের মাধ্যমে শিশুর ঘুমের ফাঁকে নিজের জন্য সময় বের করার কঠিন বাস্তবতা তুলে ধরেছেন দীপিকা।
গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা ও তার স্বামী রণবীর সিং। মেয়ের নাম রাখা হয়েছে দেবী। দুর্গাপূজার দশমীর দিন ছোট মেয়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তারা। এ সময় প্রকাশ করা পারিবারিক ছবিতে বড় মেয়ে দোয়াকে ছোট বোনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়।
মাতৃত্বের ব্যস্ততার পাশাপাশি অভিনয়েও ফিরছেন দীপিকা। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘সিংহাম এগেইন’ সিনেমায় বড় পর্দায় দেখা গেছে তাকে। সামনে শাহরুখ খান অভিনীত ‘কিং’ এবং আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
‘কিং’ সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। এতে আরও অভিনয় করছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও অভয় ভার্মা। সিনেমাটিতে দীপিকার শুটিংয়ের বিভিন্ন ভিডিও ও খবরও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।
/অ